এশিয়ান হাইওয়েতে বনদপ্তরের বড়সড় সাফল্য, পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার ১
শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর।
গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে-১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার করা হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাতে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে বনদপ্তর।
ধৃতকে এদিন কার্শিয়াং আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।











































