শিলিগুড়ি: নির্বাচনী প্রচারের শেষ রবিবার সকাল থেকেই জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারে নামলেন গৌতম দেব।
এদিন শহরের ১৩ নম্বর ওয়ার্ডে কর্মী-সমর্থকদের নিয়ে একটি বড় মিছিল করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, বাংলায় বসবাসকারী প্রত্যেকেই বাঙালি। তিনি জোর দিয়ে জানান, বাংলায় বিভিন্ন জাতি, গোষ্ঠী ও ভাষাভাষীর মানুষ একসঙ্গে বসবাস করেন, তাই শুধুমাত্র হিন্দি ভাষায় কথা বলার জন্য কাউকে আলাদা করে চিহ্নিত করার কোনও অর্থ হয় না।
তাঁর কথায়, “যারা হিন্দিতে কথা বলেন, তারা আমাদের আত্মার আত্মীয় – কেউ ভাই, কেউ বোন।
বহু বছর ধরে তাঁরা বাংলায় থেকে এখানকার সংস্কৃতি ও ভাষাকে আপন করে নিয়েছেন।”
এদিন তিনি আরও বলেন, “আমি জোড়ার কাজ করি, ভাঙার কাজ করি না। বৈচিত্র্যের মাঝেই মিলন।”
একইসঙ্গে দাবি করেন, হিন্দিভাষী মানুষেরাও এবার তাঁর পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন।
শহরের উন্নয়ন প্রসঙ্গে গৌতম দেব জানান, তিনি শিলিগুড়িকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে চান।
অন্যদিকে, বিজেপি প্রার্থী শংকর ঘোষ-কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও কটু মন্তব্য করতে চাইনা। বরং তিনি বলেন, “ঈশ্বর আমাকে সেই শক্তি দিন যাতে আমি শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে পারি। আমার থেকে ছোটো চৈতন্য উদয় হোক -এই কামনাই করি।”
নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য মিথ্যা প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী ও রাজনীতি মানেই মানুষের জন্য কাজ করা।












































