বিকল তিন বৈদ্যুতিক চুল্লি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মৃতদেহ নিয়ে পরিবারগুলি
শিলিগুড়ি : শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
অভিযোগ, শ্মশান ঘাটের তিনটি বৈদ্যুতিক চুল্লির সবকটিই দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
ফলে মৃতদেহ সৎকার করতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শোকাহত পরিবারগুলিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।
শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ একাধিক পরিবার মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটে পৌঁছালে তাঁদের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এতে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৪,৫ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শিলিগুড়ি মণ্ডল ২-এর বিজেপি নেতা ।
বিরোধী দলনেতা অমিত জৈন অভিযোগ করেন, “গতকাল রাত থেকে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও শিলিগুড়ি পুরনিগমের কোনও দায়িত্বশীল আধিকারিককে দেখা যায়নি।
শ্মশান ঘাটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার এই বেহাল অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
ঘটনাকে কেন্দ্র করে শ্মশান ঘাট চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।
দ্রুত বিকল চুল্লিগুলি মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।











































