দিনহাটা: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিনহাটা ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ উঠল।
দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরেও ভোটকর্মীদের জন্য কোনও গাড়ির ব্যবস্থা না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হন কর্মীরা।
জানা গিয়েছে, ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইভিএম ও ভিভিপ্যাট সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে নির্ধারিত সময়ে রওনা দিতে প্রস্তুত থাকলেও, পরিবহণের অভাবে তারা আটকে পড়েন ডিসিআরসি কেন্দ্রে।
বারবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।
অবশেষে বাধ্য হয়ে ভোটকর্মীরা প্রায় তিন কিলোমিটার দূরে কমিশনের বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন, গাড়ির আশায়।
অনেকেই জানান, সেখানে গাড়ি না পেলে পায়ে হেঁটেই ভোটকেন্দ্রে পৌঁছাতে হবে।
শুধু হাঁটতেই নয়, একাধিক ক্ষেত্রে গাড়ির অভাবে ই-রিক্সায় করেও ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভোটকেন্দ্রে যেতে দেখা যায়।
এই ঘটনায় নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













































