আলিপুরদুয়ার: বৃহস্পতিবার বিধানসভা ভোটের ঠিক আগে ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল আলিপুরদুয়ার জেলা।
মঙ্গলবার রাতের প্রবল ঝড়বৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভোটকেন্দ্র, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।
প্রায় ৩০ মিনিট ধরে চলা প্রবল ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলা সদর এলাকায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রস্তুতির জন্য রবীন্দ্রভবনে থাকা অবস্থায় সিলিং ভেঙে জখম হন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিও অরিজিৎ দাস ও কালচিনির বিডিও মিঠুন মজুমদার।
তাঁদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, মাদারিহাট বিধানসভার লঙ্কাপাড়া টিজি প্রাইমারি স্কুলে তৈরি হওয়া ভোটকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে বুথ সম্পূর্ণ তছনছ হয়ে যায়। বীরপাড়াসহ একাধিক এলাকায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।
এছাড়া বিভিন্ন বুথের বাইরে প্রশাসনের লাগানো ত্রিপল ছিঁড়ে যায় ও তার কাঠামো ভেঙে পড়ে।
গোটা জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, গভীর রাত পর্যন্ত বহু এলাকায় অন্ধকারে কাটাতে হয় বাসিন্দাদের।
আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।
আর মঙ্গলবার রাতে তারই ভয়াবহ রূপ দেখা গেল আলিপুরদুয়ারে।
তবে পরিস্থিতি সামাল দিতে রাত থেকেই মাঠে নামে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত বুথ মেরামতির কাজ শুরু হয়।
বুধবার সকাল থেকেও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে জোরকদমে কাজ চলছে।
ভোটের ঠিক আগেই এই প্রাকৃতিক দুর্যোগ প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের উদ্বেগ বাড়িয়েছে। তবে সব বাধা কাটিয়ে নির্ধারিত সময়েই ভোট সম্পন্ন করার লক্ষ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে প্রশাসন।












































