“ভোট মানেই উৎসব, কেউ মিস করবে না” ডাবগ্রাম- ফুলবাড়িতে ভোট দিয়ে বার্তা তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মার
শিলিগুড়ি: “ভোট মানেই উৎসব, যেমন দুর্গাপুজো কেউ মিস করে না, তেমনই এই উৎসবও কেউ মিস করবেন না” – এই বার্তাই দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজে অবস্থিত ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেওয়ার পর তিনি জানান, আনন্দের সঙ্গেই নিজের ভোট দিয়েছেন ও পরিবারের অন্যান্য সদস্যরাও, যারা বাইরে ছিলেন, তারাও এই গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।
প্রার্থী আরও বলেন, “মানুষ উৎসবের মেজাজেই ভোট দিচ্ছেন। ডাবগ্রাম- ফুলবাড়ি কেন্দ্রে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।” যদিও তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু অধ্যুষিত কিছু এলাকায় বারবার ইভিএম বিকল হওয়া বা ভোটগ্রহণে বিলম্বের ঘটনা ঘটছে। এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দেন।
তিনি দাবি করেন, এতে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হতে পারে।
তবে এসবের পরেও ভোটারদের উৎসাহে ভাটা পড়েনি বলেই দাবি তার। “যত রাতই হোক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন,” বলেন রঞ্জনশীল শর্মা।
পাশাপাশি তিনি আশাবাদী, তৃণমূল ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছে।
প্ররোচনার যেকোনো চেষ্টায় কোও পা দেবেন না বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।
শেষে তিনি জানান, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র ভোট দিতে না পারলেও তিনি দলকেই সমর্থন করেছেন।














































