ইসলামপুর: বেহাল রাস্তাঘাটের ছবি যেন ফের সামনে এল ইসলামপুরে।
বেহাল রাস্তায় আটকে প্রচার, নিজের গাড়ি ঠেলে পার করলেন প্রার্থী
নির্বাচনী প্রচারে বেরিয়ে বড় সমস্যায় পড়তে হল সিপিএম প্রার্থী সামি খানকে। রাস্তায় বড় বড় গর্তে আটকে যায় তাঁর গাড়ি।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বাধ্য হয়ে নিজেই গাড়ি ঠেলে পার করাতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরাও।
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জোর চর্চার বিষয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামাঞ্চলের একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। প্রচারের সময় সেই বেহাল রাস্তায়ই বিপাকে পড়েন প্রার্থী। পরে গাড়ি ঘুরিয়েও নিতে হয় তাঁকে।
এ বিষয়ে সিপিআইএম নেতা গৌতম বর্মন বলেন, প্রার্থী গ্রামে গ্রামে গিয়ে প্রচার করছেন ও বেশিরভাগ জায়গাতেই রাস্তার খারাপ অবস্থা চোখে পড়ছে।
অন্যদিকে প্রার্থী সামি খান অভিযোগ করেন, “একদিকে উন্নয়নের কথা বলা হচ্ছে, অন্যদিকে গ্রামের রাস্তাঘাটের এই অবস্থা বাস্তব চিত্র তুলে ধরছে।”
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন, “এই রাস্তাঘাটের সমস্যা ২০১১ সালের আগের।
এখন বেশিরভাগ রাস্তাই ভালো। এসব শুধুই রাজনৈতিক নাটক, সিপিএমের মানুষের সমর্থন নেই, তাদের আর কোনো অস্তিত্বও নেই।”
ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানউতোরে এখন সরগরম ইসলামপুর।















































