কার্শিয়াং: কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের অন্তর্গত জয়ন্তী চা বাগান এলাকায় তিনটি চিতাবাঘের ছানা উদ্ধার।
চা বাগানের শ্রমিকরা প্রথমে ছানাগুলিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা।
ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয় ও প্রায় ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হয়।
বনকর্মীরা জানান, সাধারণত মা চিতাবাঘ খাবারের সন্ধানে বের হলে ছানাদের নিরাপদ স্থানে রেখে যায়। তাই ছানাগুলিকে সরিয়ে না নিয়ে বনদপ্তর সেগুলিকে সেখানেই পর্যবেক্ষণে রাখে।
অবশেষে রাতের অন্ধকারে মা চিতাবাঘটি ফিরে আসে ও একে একে তার তিনটি ছানাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।
বনবিভাগের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা ও পরিবেশপ্রেমীরা।
বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।














































