মায়াপুর: মায়াপুরে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে এদিন উৎসবের আবহ তৈরি হয় গোটা ইস্কন চত্বরে।
সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে মায়াপুরে।
ধর্মীয় পরিবেশের মধ্যেই মুখ্যমন্ত্রী অংশ নেন একাধিক আচার- অনুষ্ঠানে।
ইস্কনে পৌঁছে তিনি গোমাতার সেবা করেন ও যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পাশাপাশি সনাতন ধর্মের সাধু-সন্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনাতেও উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে।
মন্দির পরিদর্শনের সময় ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
প্রশাসনের তরফে সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।
তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি।
এই পবিত্র ভূমিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে গৌড়ীয় বৈষ্ণব সমাজের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়।
ভক্তদের একাংশের মতে, ধর্মীয় পরিবেশে এই সফর এক বিশেষ তাৎপর্য বহন করছে।














































