ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরের যৌনপল্লীতে ফের পুলিশের অভিযানে উদ্ধার হল চার নাবালিকা।
মানব পাচার ও নাবালিকাদের যৌনপল্লীতে আটকে রাখার অভিযোগে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
উদ্ধার হওয়া নাবালিকাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর ইসলামপুর থানায় পৌঁছন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। পুলিশের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় মানব পাচার রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত মূলচক্রীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শ্রীরূপার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইসলামপুর ও সংলগ্ন এলাকায় মানব পাচার চক্র সক্রিয় রয়েছে।
প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান চালানোর দাবি তোলেন তিনি।
উদ্ধার হওয়া নাবালিকাদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিজেপি নেত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চম্পাবাগ যৌনপল্লীতে অভিযান চালানো হয়।
সেখান থেকেই চার নাবালিকাকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
মানব পাচার চক্রের সঙ্গে অন্য কোনও রাজ্যের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইসলামপুরের একই এলাকায় বৃহৎ পুলিশি অভিযানে একাধিক নাবালিকাকে উদ্ধার ও মানব পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই ফের নাবালিকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে।
Home শ্রেণী-বহির্ভূত যৌনপল্লীতে ফের পুলিশের অভিযান, উদ্ধার ৪ নাবালিকা; থানায় পৌঁছে কড়া বার্তা শ্রীরূপা...















































