শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালবাহী গাড়ির মধ্যে থাকা ৩০টি কার্টনে প্রায় ৪,৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ মজুত ছিল।
উদ্ধার হওয়া কফ সিরাপের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
গ্রেফতার হয় অলক কুন্ডু (শিলিগুড়ি), প্রসেনজিৎ মুখার্জি ও সুরজিৎ হালদার (উভয়ের বাড়ি হাওড়া)।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।













































