মালদা: ভোট পর্ব মিটতেই আবারও ভিনরাজ্যের পথে পা বাড়ালেন পরিযায়ী শ্রমিকরা।
সংসার চালানোর তাগিদে রাজ্যে কাজের অভাবের অভিযোগ তুলে বহু শ্রমিক ফের বাইরে পাড়ি দিচ্ছেন।
মালদা টাউন স্টেশন সহ জেলার বিভিন্ন ব্লকে ধরা পড়ল সেই চেনা ছবি।
জানা গিয়েছে, শুধুমাত্র মালদা জেলা থেকেই প্রায় ৮৪০ জন শ্রমিক ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন।
ভোট শেষ হতেই তারা আবার কাজে যোগ দিতে ভিনরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন।
প্রায় ১৫টি বাস ভাড়া করে শ্রমিকদের একসঙ্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বামনগোলা ও হবিবপুর ব্লক ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকেও একইভাবে শ্রমিকরা বাইরে যাচ্ছেন।
তাঁদের প্রধান গন্তব্য হায়দ্রাবাদ সহ দেশের অন্যান্য রাজ্য।
শ্রমিকদের যাতায়াতের খরচ ঠিকাদাররাই বহন করছে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দাবি, রাজ্যে পর্যাপ্ত শিল্প ও কাজের সুযোগ না থাকায় বাধ্য হয়েই শ্রমিকদের ভিনরাজ্যে যেতে হচ্ছে।
অন্যদিকে শাসক শিবিরের দাবি, রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
তবে শ্রমিকদের একাংশের বক্তব্য, “রাজ্যে কাজ খুব কম, আর যা পাওয়া যায় তাতেও মজুরি যথেষ্ট নয়। সংসার চালাতে বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে।”
প্রতি নির্বাচনের সময় শ্রমিকদের বাড়ি ফেরা ও ভোট শেষ হতেই ফের বাইরে পাড়ি দেওয়ার এই চক্র রাজ্যের বাস্তব কর্মসংস্থানের চিত্রকেই সামনে এনে দিচ্ছে বলে মনে করছে বিভিন্ন মহল।
এই ইস্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।











































