সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ, শুরু এইচপিভি টিকাকরণ কর্মসূচি!

শিলিগুড়ি: সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও আনুষ্ঠানিকভাবে শুরু হল এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচি।

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হওয়ার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক-সহ জেলা হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক।

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে, যা ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমাতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই কর্মসূচি সফলভাবে চালু হয়েছে।

রাজ্যেও এই উদ্যোগ কার্যকর হওয়ায় বহু কিশোরী উপকৃত হবে।

তিনি জানান, সার্ভাইক্যাল ক্যান্সার নারীদের মধ্যে অন্যতম উদ্বেগের বিষয় হলেও সচেতনতা ও সময়মতো টিকাকরণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য আধিকারিকরাও জানান, এইচপিভি টিকা সম্পূর্ণ নিরাপদ ও বিশ্বজুড়ে বহু দেশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে।

টিকাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অযথা ভয় বা বিভ্রান্তির কোনও কারণ নেই।

বরং কিশোরী বয়সেই এই টিকা গ্রহণ করলে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here