শিলিগুড়ি: ফুলবাড়িতে ডোবায় স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো এক ১১ বছরের কিশোরের।
মৃতের নাম মোহাম্মদ রাজু। তার বাড়ি ফুলবাড়ির আমাইদিঘী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাজু ফুলবাড়ির ঝররা এলাকায় তার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সেখানে তিন বন্ধুর সঙ্গে একটি পিএইচই প্রকল্পের ভিতরে খনন করে রাখা ডোবায় স্নান করতে নামে সে।
স্নান করার সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যায় রাজু।
সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সফল হয়নি।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তল্লাশি শুরু করেন।
পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ অনুসন্ধানের পর ডোবা থেকে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।













































