জলপাইগুড়ি: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ।
ধৃতের নাম আনসার আলি। সে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত।
এছাড়াও সে সদর পঞ্চায়েত সমিতির সদস্য রেজিনা বেগমের স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে ভোট গণনার পরদিন বিজেপি কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাসের নেতৃত্বাধীন একদল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
সেই ঘটনায় আনসার আলির নামও উঠে আসে। অভিযোগ, হামলায় তিনি সরাসরি জড়িত ছিলো।
ঘটনার পর থেকেই কৃষ্ণ দাস ও আনসার আলি-সহ একাধিক অভিযুক্ত পলাতক ছিলো।
দীর্ঘদিন ধরেই তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
অবশেষে শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকা থেকে আনসার আলিকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।
শনিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস-সহ বাকি পলাতকদের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।













































