সুকনা, শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে উত্তরবঙ্গে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা হাইস্কুল ময়দানে আয়োজিত জনসভা থেকে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, গোর্খা জনজাতির দাবি ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তিনি।
ভাষণের শুরুতেই গোর্খা সম্প্রদায়ের দেশপ্রেম ও সীমান্ত রক্ষায় তাঁদের অবদানের প্রশংসা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই গোর্খা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে।
পাশাপাশি, ২০১৭ সালের পাহাড় আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের আশ্বাস দেন তিনি।
তাঁর কথায়, এতে ঘরছাড়া নেতাকর্মীরা সম্মানের সঙ্গে ফিরতে পারবেন ও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে।
চা শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেন অমিত শাহ।
তিনি জানান, বিজেপি সরকার গঠিত হলে দৈনিক মজুরি ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হবে।
পাশাপাশি শ্রমিকদের ঘর ও জমির পাট্টা প্রদান ও চা শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।
এর মধ্যে রয়েছে বাগডোগরা বিমানবন্দর আধুনিকীকরণ, চারটি নতুন শিল্প তালুক, পৃথক AIIMS হাসপাতাল, ৫০০ বেডের ক্যান্সার হাসপাতাল, স্পোর্টস ইউনিভার্সিটি, আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠা, দার্জিলিংয়ে ফরেস্ট রিসার্চ সেন্টার ও শিলিগুড়ি থেকে সুন্দরবন পর্যন্ত নতুন জাতীয় সড়ক নির্মাণ।
মহিলাদের জন্যও বিশেষ ঘোষণা করে তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে রাজ্যে বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হবে। পাশাপাশি পাহাড়ের ১১টি উপজাতির স্বীকৃতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিমল গুরুং, রোশন গিরি ও মন ঘিসিং সহ একাধিক পাহাড়ি নেতৃত্ব ও প্রার্থী।
সুকনা হাইস্কুল ময়দানে বিপুল জনসমাগমে দেওয়া এই বার্তাগুলি পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।













































