শিলিগুড়ি: শহরের আইন- শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে রাতে সেবক রোডে বিশেষ অভিযান চালাল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
এই অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকার, শিলিগুড়ি SDO সহ একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক।
ভক্তিনগর থানার সামনে চেকপোস্ট এলাকা থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় দেড় কিলোমিটার পথ ধরে সেবক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনের মাধ্যমে সম্পন্ন হয়।
রাতের শহরে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের প্রস্তুতি খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযান শেষ হয় একটি নামী মলের সামনে।
অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শংকর ঘোষ বলেন, শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।
তিনি স্পষ্ট জানান, কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, যারা অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধে আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।











































