দেবর্ষি নারদ জয়ন্তীতে সাংবাদিকদের সম্মাননা, দায়িত্বশীল সাংবাদিকতার বার্তা দিলেন রাজ্যপাল আর. এন. রবি!

শিলিগুড়ি: বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গের উদ্যোগে রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পালিত হল দেবর্ষি নারদ জয়ন্তী।

সাংবাদিকতার মূল্যবোধ, সমাজে সংবাদমাধ্যমের ভূমিকা ও তথ্য পরিবেশনের গুরুত্বকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়।

এদিন সংবাদ জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাংবাদিকদের ‘দেবর্ষি নারদ সার্থক জীবন সম্মান ২০২৬’ প্রদান করা হয়।

আয়োজকদের মতে, জনস্বার্থে সংবাদমাধ্যমের নিরলস কাজ ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি।

তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্রে সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দেন।

পাশাপাশি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা দেবর্ষি নারদকে বিশ্বের প্রথম সংবাদবাহক ও যোগাযোগের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ঐতিহ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আধুনিক সাংবাদিকতার মধ্যেও তার প্রতিফলন আজও দেখা যায়।

সেই আদর্শকে স্মরণ করেই সাংবাদিকদের সম্মান জানানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজের নানা স্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায়।

দেবর্ষি নারদ জয়ন্তীর এই আয়োজন উত্তরবঙ্গের সাংবাদিক মহলে বিশেষ তাৎপর্য বহন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here