জলপাইগুড়ি: এক সময় রাজনৈতিক কর্মী-সমর্থকদের আনাগোনায় সরগরম থাকত বাড়িটি।
এলাকাবাসীর কাছে যা পরিচিত ছিল ‘কৃষ্ণের হোয়াইট হাউস’ নামে।
তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই চিত্র যেন সম্পূর্ণ বদলে গেছে।
বর্তমানে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের রাজপ্রাসাদসদৃশ বাড়ি কার্যত জনশূন্য বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় রাজনৈতিক বৈঠক, কর্মী-সমর্থকদের ভিড় ও নানাবিধ কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল ওই বাড়ি।
বর্তমানে সেখানে মানুষের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে।
বাড়ির চারপাশে নীরবতা বিরাজ করছে বলেও দাবি এলাকার বাসিন্দাদের একাংশের।
গত ৫ মে নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।
বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর থেকেই কৃষ্ণ দাসকে এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
তাঁদের একাংশের বক্তব্য, তিনি পরিবার-সহ এলাকা ছেড়েছেন।
যদিও এই বিষয়ে কৃষ্ণ দাস বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা।
জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকলে জনরোষ আরও বাড়তে পারে।
তাই কৃষ্ণ দাসকে আইনের প্রতি আস্থা রেখে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন।











































