শিলিগুড়ি: ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইস্টার্ন বাইপাস ধরে রোড শো করে ঘোগোমালি স্কুল মাঠে সভা করেন তিনি।
সভামঞ্চ থেকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করেন শুভেন্দু।
পাশাপাশি ডাবগ্রাম- ফুলবাড়ির তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মাকেও ‘থুতু কাণ্ড’ প্রসঙ্গ টেনে আক্রমণ করেন তিনি।
শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ডাবগ্রাম- ফুলবাড়ির ব্যাপক উন্নয়ন হবে।
শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো সব ক্ষেত্রেই উন্নয়নের আশ্বাস দেন তিনি।
পাশাপাশি রাজ্যে সিন্ডিকেট রাজ, মাফিয়াতন্ত্র ও পুলিশের তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বার্তা দেন।
তিনি আরও বলেন, ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায় ভূমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে ও বিজেপি ক্ষমতায় এলে এই মাফিয়া রাজ বন্ধ করা হবে।
বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানিয়ে সভা শেষ করেন বিরোধী দলনেতা।













































