‘বাপ-বেটা’ জুটির বিরুদ্ধে বিক্ষোভ, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সরব স্থানীয়রা!

কলকাতা: এন্টালি এলাকায় প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক সন্দীপন সাহা-র বিরুদ্ধে বিক্ষোভে সরব হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যে দুর্নীতি, জমি দখল, সিন্ডিকেট রাজ ও তোলাবাজির অভিযোগ তুলে রাস্তায় নামেন প্রতিবাদকারীরা।

বিক্ষোভ মিছিলটি এন্টালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে জানবাজারের সুকুর সরকার লেনে অবস্থিত বিধায়কের বাসভবনের উদ্দেশ্যে অগ্রসর হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে এলাকার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কিছু প্রভাবশালী ব্যক্তির আধিপত্য কায়েম হয়েছে।

এর ফলে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই পরিস্থিতির পরিবর্তনের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দাবি তাঁদের।

কর্মসূচিতে উপস্থিত ছিলো বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

তিনি অভিযোগ করেন, এন্টালির মানুষ দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মধ্যে রয়েছে, অথচ তাঁদের অভিযোগের যথাযথ সমাধান হচ্ছে না।

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলন আগামী দিনেও চলবে বলেও জানান তিনি।

মিছিলকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতির উপর কড়া নজর রাখে পুলিশ। তবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনাকে ঘিরে এন্টালির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here