শিলিগুড়ি: প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শিলিগুড়ি সফরে এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মাটিগাড়া- নকশালবাড়ির বিধায়ক তথা প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
একইসঙ্গে শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবির পক্ষেও সরব হন তিনি।
নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়।
ফুলের তোড়া, মালা ও স্লোগানে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি কর্মী-সমর্থকেরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে আনন্দময় বর্মন বলেন, “তৃণমূল কংগ্রেসে যে ভাঙন দেখা যাচ্ছে, তার মূল কারণ দলের অভ্যন্তরে দুর্নীতি ও একনায়কতান্ত্রিক মনোভাব।
সেখানে সাধারণ কর্মী ও নেতারা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন না।
ফলে এই পরিস্থিতি তৈরি হওয়াটা স্বাভাবিক।”
শিলিগুড়িকে পৃথক জেলা করার প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
তাঁর দাবি, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘদিনের ও তা যথেষ্ট যুক্তিসঙ্গত।
প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করে নজর কেড়েছেন আনন্দময় বর্মন।
পরবর্তীতে তাঁকে রাজ্য সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সেই দায়িত্ব গ্রহণের পর এই প্রথম শিলিগুড়ি ফিরে এসে দলীয় কর্মী-সমর্থকদের বিপুল উচ্ছ্বাসের মুখে পড়েন তিনি।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে ও সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দিতে আনন্দময় বর্মনের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।










































