মালদা: বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের চেষ্টা বানচাল করল মালদা জেলা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক চোরাই মোবাইল-সহ এক যুবককে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।
ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৫৩টি চোরাই মোবাইল ফোন সহ নগদ ৭০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আব্দুস সামাদ। তাঁর বাড়ি চরি অনন্তপুরের বাবুপাড়া এলাকায়।
গোপন সূত্রে খবর পাওয়ার পর গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫৩টি মোবাইল ফোন সহ নগদ টাকা উদ্ধার করা হয়।
মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে ওই চোরাই মোবাইলগুলি আনা হয়েছিল।
এরপর সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তবে পাচারের আগেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া মোবাইলগুলি কোথা থেকে চুরি করা হয়েছিল ও এই চোরাচালান চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।















































