ইসলামপুর: ইসলামপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা করার দাবিতে সাংবাদিক সম্মেলন করল সংগ্রামী যৌথ মঞ্চ।
বুধবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সৈইবাল মিত্র, মোঃ ইদ্রিস আলম, মোঃ বাবলু, আকিল-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ।
প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করা সহ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা জরুরি বলেই দাবি তাঁদের।
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানান, এই দাবিকে বাস্তবায়িত করতে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে সংগঠন।
সাধারণ মানুষের সমর্থন আদায়ের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে এই দাবিকে জনআন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।
সংগঠনের দাবি, ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দিলে প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে ও উত্তর দিনাজপুর জেলার এই অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।















































