চোপড়া: চোপড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলে-সহ একাধিক যুবক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় নজরদারি শুরু করে।
বিজেপির অভিযোগ, বুধবার সন্ধ্যায় দলের কয়েকজন কর্মী-সমর্থক ও স্থানীয় যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল।
হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানোর পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গুলি চালায় বলেও অভিযোগ।
বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় বলেন, “রাজনৈতিকভাবে পেরে না উঠেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামের যুবকদের ওপর হামলা চালিয়েছে।
শুধু ধারালো অস্ত্র নয়, আতঙ্ক সৃষ্টি করতে গুলিও চালানো হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন যদি দ্রুত মূল অভিযুক্তদের গ্রেফতার না করে, তাহলে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।
ঘটনার পর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।














































