খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা! আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
কোচবিহার: কোচবিহারের মাথাভাঙ্গায় সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন সিভিক ভলেন্টিয়ার তথা তৃণমূল নেতা শহিদুল মিয়া।
অভিযোগ, দীর্ঘদিন ধরে সে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলো।
এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা তার বাড়ির সামনে বিক্ষোভ ও ধরনায় বসে।
তবে গত দুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি এলাকাবাসীর।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়।
সেই সময় খাটের তলায় লুকিয়ে থাকা অবস্থায় শহিদুল মিয়াকে উদ্ধার করে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
আবাস যোজনার নামে টাকা তোলার অভিযোগে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।











































