রান্নাঘরে এবার হাসির ধামাকা, সনি আটে আসছে ‘রাঁধুনি না কাঁদুনি’!

অঙ্কুশের সঞ্চালনায় তারকাদের আড্ডা, রান্না আর মজার চ্যালেঞ্জ; ৩ অক্টোবর থেকে শুরু নতুন অনুষ্ঠান

কলকাতা: রান্না, আড্ডা আর হাসির মজাকে একসঙ্গে নিয়ে বাংলা বিনোদনে নতুন স্বাদ আনতে চলেছে সনি আথ।

চ্যানেলের নতুন আনস্ক্রিপ্টেড কমেডি কুকিং শো ‘রাঁধুনি না কাঁদুনি’-র প্রোমো প্রকাশ্যে এসেছে। আগামী ৩ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।

প্রচলিত রান্নার অনুষ্ঠান কিংবা সাজানো কমেডি শো-এর ধাঁচ থেকে বেরিয়ে ‘রাঁধুনি না কাঁদুনি’-তে রান্নাকে ঘিরেই তৈরি হবে স্বতঃস্ফূর্ত আড্ডা, মজার চ্যালেঞ্জ ও নানা অপ্রত্যাশিত মুহূর্ত।

রান্না এখানে শুধু রান্না নয়, বরং হাসি-ঠাট্টা ও কথোপকথনের অন্যতম মাধ্যম।

অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন অঙ্কুশ। তাঁর সঙ্গে দেখা যাবে বাংলা বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে।

রয়েছেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, সৌরভ দাস, দর্শনা বণিক, ইমন চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, উশসী রায়, সুশ্মিত মুখার্জি, অন্বেষা হাজরা সহ শ্যামৌপ্তি মুদলি।

খাবার ও হাস্যরস বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত এই দুই বিষয়কে নতুনভাবে একত্র করেছে অনুষ্ঠানটি। তারকাদের রান্নার দক্ষতার পাশাপাশি উঠে আসবে তাঁদের স্বতঃস্ফূর্ত আড্ডা, মজার মুহূর্ত ও নানা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া।

সনি আটে তরফে জানানো হয়েছে, বাংলায় অরিজিনাল আনস্ক্রিপ্টেড বিনোদনের ক্ষেত্রে ‘রাঁধুনি না কাঁদুনি’ একটি নতুন উদ্যোগ।

স্থানীয় সংস্কৃতি, খাবার ও জনপ্রিয় বিনোদন জগতের পরিচিত মুখদের একসঙ্গে এনে বাংলা দর্শকদের জন্য ভিন্ন ধরনের বিনোদন উপহার দেওয়াই এই অনুষ্ঠানের লক্ষ্য।

সব মিলিয়ে রান্নাঘর এবার হয়ে উঠতে চলেছে হাসি-ঠাট্টা ও তারকাদের আড্ডার নতুন মঞ্চ।

৩ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে শুধুমাত্র সনি আটে দেখা যাবে ‘রাঁধুনি না কাঁদুনি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here