শিলিগুড়ি: শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরের জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল এনজেপি থানার পুলিশ।
তদন্তে উঠে আসে, মদ্যপানের আসরে বচসার জেরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল ওই যুবককে।
ঘটনায় মৃতের দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মে সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরের জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
তদন্তে নেমে এনজেপি থানার আইসি রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ মৃত যুবকের পরিচয় জানতে পারে।
মৃতের নাম সৌকুমার পারিদা ওরফে লামা (২১)। সে জলপাইমোড় নিচপাড়ার বাসিন্দা ছিলো।
ঘটনার তদন্তে পুলিশ গত বুধবার জলপাইমোড় নতুনপাড়ার বাসিন্দা সঞ্জীব দাস ও অশোকনগরের বাসিন্দা বিশাল দাসকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে আরো খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, ২১ মে রাতে তারা তিনজনে একসঙ্গে মদ্যপান করছিল।
সেই সময় সৌকুমারের সঙ্গে তাদের বচসা বাধে।
অভিযোগ, বচসার এক পর্যায়ে সঞ্জীব ও বিশাল মিলে সৌকুমারকে শ্বাসরোধ করে খুন করে।
পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি একটি ভ্যানে করে নৌকাঘাট এলাকায় নিয়ে গিয়ে মহানন্দা নদীর চরের জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।










































