শিলিগুড়ি: সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই শিলিগুড়িতে নিয়মিত আয়োজন করা হচ্ছে ‘সরাসরি শংকর’ কর্মসূচি।
রবিবার শহরের মার্গারেট স্কুলে অনুষ্ঠিত হলো এই উদ্যোগের তৃতীয় পর্ব, যেখানে বিপুল সংখ্যক মানুষ তাঁদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে উপস্থিত হন।
শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কর্মসূচিকে সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
এদিন শুধু শিলিগুড়ি নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
প্রত্যেকের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে বিষয়গুলি পাঠিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন শংকর ঘোষ।
তিনি জানান, শিলিগুড়িতে থাকাকালীন নিয়মিতভাবেই এই কর্মসূচি চালিয়ে যাবেন, কারণ জনপ্রতিনিধি হিসেবে মানুষের কথা শোনা ও তাঁদের সমস্যার সমাধানে উদ্যোগী হওয়াই তাঁর প্রধান দায়িত্ব।
কর্মসূচিতে আসা বহু মানুষের বক্তব্য, বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরার পরিবর্তে সরাসরি জনপ্রতিনিধির কাছে নিজের সমস্যা তুলে ধরার সুযোগ পাওয়ায় তাঁদের ভোগান্তি অনেকটাই কমেছে।
অনেকের মতে, মন্ত্রী হওয়ার পরও শংকর ঘোষের মানুষের সঙ্গে যোগাযোগ ও ব্যবহার আগের মতোই রয়েছে।
ধীরে ধীরে ‘সরাসরি শংকর’ কর্মসূচি সাধারণ মানুষের অভিযোগ জানানোর পাশাপাশি প্রশাসনিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ সংযোগমঞ্চ হিসেবে পরিচিতি পাচ্ছে।











































