পুরী: চিরাচরিত আচার-অনুষ্ঠান ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সোমবার পুরীতে পালিত হল মহাপ্রভু জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা।
দেবস্নান পূর্ণিমা উপলক্ষে ভোর থেকেই ভক্তদের ঢল নামে শ্রীক্ষেত্রে।
হাজার হাজার ভক্ত মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মহাস্নান প্রত্যক্ষ করতে ভিড় জমান।
নিয়ম মেনে গর্ভগৃহ থেকে শোভাযাত্রার মাধ্যমে তিন বিগ্রহকে স্নানবেদীতে আনা হয়।
বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পবিত্র কূপের জল শুদ্ধ করে ১০৮টি কলসের জলে মহাস্নান সম্পন্ন হয়।
স্নানের পর ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয় দেবদেবীদের, যা দর্শনের জন্য ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে মহাপ্রভুর স্নানযাত্রা দর্শন করলে পুণ্যলাভ হয় ও জীবনের পাপক্ষয় ঘটে।
তবে স্নানযাত্রার পর থেকেই শুরু হয় ‘অনসর’ পর্ব।
লোকবিশ্বাস অনুযায়ী, অতিরিক্ত স্নানের কারণে মহাপ্রভু অসুস্থ হয়ে পড়েন ও কয়েকদিনের জন্য জনসমক্ষে দর্শন দেন না।
এই সময় তাঁর চিকিৎসা ও বিশ্রামের আচার পালন করা হয়।
অনসর পর্ব শেষে নবযৌবন দর্শনের মধ্য দিয়ে আবারও ভক্তদের সামনে আবির্ভূত হবেন মহাপ্রভু, যার পরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রার প্রস্তুতি।















































