ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান প্রায় কয়েক কোটি টাকা!

শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের খোলাচাঁদ ফাঁপড়ি এলাকার একটি ফার্নিচার তৈরির কারখানায় বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

দাহ্য সামগ্রীতে ভর্তি কারখানায় আগুন লাগতেই মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে।

চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রাই প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানার ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল।

স্থানীয়দের একাংশের অনুমান, ওয়েল্ডিংয়ের সময় নির্গত আগুনের ফুলকি অথবা শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

অগ্নিকাণ্ডে কারখানায় মজুত বিপুল পরিমাণ প্লাইউড, কাঠ, ফার্নিচার সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

দমকল ও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সামনে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here