শিলিগুড়ি: বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দির থেকে দানবাক্স চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
ধৃতের নাম চন্দন মোদক। তার বাড়ি শিলিগুড়ির গোয়ালপট্টি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের ৪ তারিখ বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দিরের দানবাক্স উধাও হয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে স্থানীয় ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যদের।
এরপর পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিধান মার্কেট এলাকায় অভিযান চালায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
সেখান থেকেই অভিযুক্ত চন্দন মোদককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের দাবি, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সাথে দানবাক্স ও তাতে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।















































