ইসলামপুর: ইসলামপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে চম্পাবাগ এলাকার একটি নিষিদ্ধপল্লি থেকে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার, অসম ও গুজরাত থেকে নাবালিকাদের এনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রোনের সাহায্যে তাদের অবস্থান চিহ্নিত করা হয়।
পরে অভিযানে নাবালিকাদের উদ্ধার এবং চার পাচারকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার রাকেশ সিং জানান, প্রাথমিক তদন্তে একটি আন্তঃরাজ্য মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে।
ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং, চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।















































