বারুইপুর: নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুরের একটি এলাকা।
পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের তীর যায় ইন্দ্রজিৎ তাঁতি নামে এক ব্যক্তির দিকে।
উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর জখম হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবাদে রেল অবরোধের পাশাপাশি পুলিশ ক্যাম্পেও হামলার অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি শান্ত করতে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আগামী মঙ্গলবার ভবানীভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্ত দাবি শোনার আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এদিকে, ঘটনার তদন্তে কড়া পদক্ষেপ করেছে নবান্ন।
অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি-সহ মোট ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।
দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।















































