জলপাইগুড়ি: ডুয়ার্সের গোয়ালডাঙ্গা এলাকায় নদীর চর দখল করে গড়ে ওঠা একটি বিলাসবহুল রিসোর্ট খালি করার নির্দেশ দিল প্রশাসন।
ইতিমধ্যেই রিসোর্টে নোটিশ টাঙিয়ে জানানো হয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত আসবাবপত্র ও সামগ্রী সরিয়ে ফেলতে হবে।
প্রশাসনিক সূত্রের দাবি, ১১ জুলাই রিসোর্টটির দখল নেবে প্রশাসন ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গিয়েছে, মেটেলি ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা গ্রামের নদীর চরে নির্মিত এই রিসোর্ট।
প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট জমি সরকারি খতিয়ানের অন্তর্ভুক্ত ও নদীর মূল প্রবাহের সংলগ্ন এলাকায় হওয়ায় নির্মাণটি নিয়মবহির্ভূত।
এদিকে, প্রশাসনের এই পদক্ষেপে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র লাটাগুড়ি-মূর্তি এলাকার অন্যান্য রিসোর্ট ও হোটেল মালিকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
এখন প্রশাসন পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।















































