শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে যোগ দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার সকালে শিলিগুড়ি কলেজের মাঠে প্রাতঃভ্রমণের পর চায়ের আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে বিরোধীদের নিশানা করেন তিনি।
বিরোধীদের ভূমিকা নিয়ে সরব হয়ে দিলীপ ঘোষ বলেন, বিরোধীরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে তার দায় জনগণ বা সরকারের নয়।
বিরোধীদের নিজেদের মধ্যেই যদি লড়াই শুরু হয়, সেই পরিস্থিতির দায়ও তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
যাদবপুরে পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় মন্ত্রীকে।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, বর্তমানে বিজেপির কাছে পার্টি অফিস ভাঙচুরের মতো ঘটনায় জড়ানোর সময় নেই।
তাঁর বক্তব্য, বিজেপি এখন প্রশাসন পরিচালনা ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে ব্যস্ত।
যাদের হাতে কোনও কাজ নেই, তাঁরাই এই ধরনের ঘটনায় জড়াচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি।
পুনর্নির্বাচন নিয়েও প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মানুষ যে দিকে ভোট দিচ্ছেন, ফলাফলও সেই দিকেই যাচ্ছে।
ভোটের ফলাফল নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও মানুষের রায়কে গুরুত্ব দেওয়ার বার্তাই দেন তিনি।
এদিন শিলিগুড়িতে প্রাতঃভ্রমণ ও চায়ের আড্ডার ফাঁকে একাধিক রাজনৈতিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী।















































