শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ।
নর্থ বেঙ্গল টি পার্কে চুরির তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি প্রায় ২৯০ কেজি চুরি যাওয়া নির্মাণ সামগ্রীও উদ্ধার করেছে তদন্তকারী দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই সাহুডাঙ্গির ভোলামোড় এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল টি পার্ক থেকে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি যায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ, গোপন সূত্রের তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে সুধন্য রায়, অজয় বর্মন ও সুজয় রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের কাছ থেকে আরও একটি চুরির ঘটনার সূত্র মেলে।
তদন্তে জানা যায়, ৫ জুলাই কাশ্মীর কলোনির বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকায় একটি সরকারি গাড়ি থেকে প্রায় ২৯০ কেজি নির্মাণ সামগ্রী চুরি হয়েছিল।
পরে ধৃতদের দেখানো মতে সেই সামগ্রীর বড় অংশ উদ্ধার করে পুলিশ।
সোমবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনায় আরও কয়েকজনের যোগ থাকতে পারে।
বাকি সামগ্রী উদ্ধার ও গোটা চক্রের হদিস পেতে তদন্ত জোরদার করা হয়েছে।















































