স্কুল প্রাঙ্গণে রাতের নেশার আসর, প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের হামলা; আহত ১, আটক বাবা-ছেলে!

ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রাতের অন্ধকারে নেশার আসর বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

প্রতিবাদ জানাতে গিয়ে নেশাগ্রস্ত যুবকদের হামলার মুখে পড়ে এলাকার বাসিন্দারা।

ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর আহত হন।

ঘটনায় অভিযুক্ত এক যুবক ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায়ই রাতের বেলায় মদ ও গাঁজার আসর বসানোর অভিযোগ রয়েছে।

রবিবার রাতেও কয়েকজন যুবক সেখানে নেশা করছিল বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে প্রথমে তাঁদের বোঝানোর চেষ্টা করা হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, নেশাগ্রস্ত যুবকেরা স্থানীয়দের উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মহিলাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর অভিযুক্ত যুবক বাড়িতে চলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাঁর বাড়ির সামনে জড়ো হন।

সেই সময় অভিযুক্ত যুবক ও তাঁর বাবা বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন বলে অভিযোগ।

স্থানীয় এক যুবকের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে এলাকাবাসীর দাবি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here