শিলিগুড়ি: সরকারি জমি ও নদীর বাঁধ দখলমুক্ত করতে ফের কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম।
বৃহস্পতিবার শহরের ৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চানন নদীর বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি দলীয় কার্যালয় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়।
প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় গোটা উচ্ছেদ অভিযান।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, নদীর বাঁধের ওপর কোনও অনুমতি ছাড়াই ওই নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই বিষয়টি প্রশাসনের নজরে ছিল।
নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকালে পৌরনিগমের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন।
বুলডোজারের সাহায্যে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ অবৈধ নির্মাণটি সরিয়ে দেওয়া হয়।
অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঘটনাস্থলে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ ও পৌরনিগমের সমন্বিত তৎপরতায় আইনশৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে অভিযান সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন পৌরনিগমের একাধিক আধিকারিক।
স্থানীয়দের একাংশের মতে, নদীর বাঁধের ওপর অবৈধ নির্মাণ ভবিষ্যতে জলনিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বাঁধের নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
সেই কারণেই প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
যদিও ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি, নদীর বাঁধ ও জনস্বার্থসংশ্লিষ্ট এলাকায় অবৈধ দখল বা নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও একই ধরনের অভিযান চলবে।
প্রশাসনের দাবি, আইন মেনে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা সাথে জনস্বার্থ রক্ষা করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
Home শ্রেণী-বহির্ভূত পঞ্চানন নদীর বাঁধে অবৈধ দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পৌরনিগম, বুলডোজার অভিযানে...















































