উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উচ্চশিক্ষা বৈঠক, উপস্থিত ২০ উপাচার্য; অনুপস্থিতি ঘিরে বিতর্কে!



শিলিগুড়ি: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো ও প্রশাসনিক সমস্যার খোঁজখবর নিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক।

রাজ্যপালের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে রাজ্যের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

বৈঠকে রাজ্যপাল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষক ও স্থায়ী কর্মীর ঘাটতি, প্রশাসনিক জটিলতা সহ শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে চান।

দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সমাবর্তন অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার জন্যও তিনি উপস্থিত উপাচার্যদের বিশেষভাবে অনুরোধ করেন।

বৈঠক শেষে রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত মন্তব্য না করলেও, উপস্থিত উপাচার্যদের বক্তব্য অনুযায়ী আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিষ ভট্টাচার্য জানান, বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত বিশ্ববিদ্যালয়গুলিতে চালুর আবেদন জানানো হয়েছে।

রাজ্যপাল সেই বিষয়গুলি গুরুত্বের সঙ্গে শুনেছেন ও প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন।

তবে এদিনের বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিতি।

যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধিকেই সভায় দেখা যায়নি বলে জানা গেছে।

পাশাপাশি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমস্যা বা পরিকাঠামো নিয়েও বৈঠকে কোনও আলোচনা হয়নি।

ঘরের মাঠে অনুষ্ঠিত এমন গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে।

কেন বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না ও এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশাসনিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here