শিলিগুড়ি: শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চুনাভাটি এলাকায় পথ দুর্ঘটনা।
রাস্তার পাশে বসে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হন একাধিক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট চারচাকার গাড়ি রাস্তার পাশে বসে থাকা গরুটিকে দেখে হঠাৎ গতি কমিয়ে দাঁড়িয়ে পড়ে।
সেই সময় পিছন থেকে আসা আরও দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা মারে।
এর কিছুক্ষণ পর পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসও সামনে থাকা তিনটি গাড়িতে সজোরে ধাক্কা মারে।
ফলে মুহূর্তের মধ্যে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় ছোট গাড়িগুলিতে থাকা কয়েকজন যাত্রী ও বাসের কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের কর্মীরা।
উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ও আহতদের উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।














































