শিলিগুড়ি: দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটিয়ে অবশেষে খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।
রাতে ফাঁসিদেওয়া ব্লকের নয়নজোত চা বাগান এলাকায় বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরে নয়নজোত চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা বেড়ে গিয়েছিল।
প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ায় চা বাগানের শ্রমিক থেকে সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন অনেকে। পাশাপাশি গৃহপালিত পশু নিখোঁজ হওয়ার ঘটনাও বাড়তে থাকায় বন দপ্তরের কাছে অভিযোগ জানান এলাকাবাসী।
অভিযোগের ভিত্তিতে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা এলাকায় নজরদারি বাড়ান ও কৌশল হিসেবে বাগানের ভেতরে একটি খাঁচা পেতে তার মধ্যে টোপ হিসেবে একটি ছাগল রাখা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে সেই ফাঁদেই ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।
রাতেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বন দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী উপযুক্ত বনাঞ্চলে তাকে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
চিতাবাঘ ধরা পড়ায় আপাতত এলাকায় স্বস্তি ফিরলেও বন দপ্তরের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।















































