বিহার মোড়ে মৃত্যু ফাঁদ! নিয়ন্ত্রণ হারানো সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর!

শিলিগুড়ি: শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরার বিহার মোড়ে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা।

ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকা এক পথচারীকে ধাক্কা মেরে উড়ালপুলের একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে বাস থেকে বিকট শব্দ শোনা যায়।

এরপরই বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরই বাসের চালক ও কন্ডাক্টর গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও দুর্ঘটনাগ্রস্ত বাসটি থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, বাসের যান্ত্রিক ত্রুটি, ব্রেক বিকল হওয়া বা অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এই দুর্ঘটনার পর ফের সরকারি বাসের রক্ষণাবেক্ষণ ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here