পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের শংকরপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ‘জয় মা কালী’ ট্রলারের অবশেষে সন্ধান মিলেছে।
শনিবার সকালে ট্রলারটির অবস্থান জানতে পারার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৎস্যজীবী পরিবার, জেলা প্রশাসন এবং মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় ৭টা নাগাদ ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।
বর্তমানে সেটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ উপকূল থেকে আরও দূরে বাঘেরচা দ্বীপের কাছাকাছি রয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রলারের ইঞ্জিনে জল ঢুকে পড়ায় সেটি বিকল হয়ে যায় ও সেই কারণেই ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক জানান, ট্রলারে থাকা সকল মৎস্যজীবী সুস্থ রয়েছেন।
তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
উদ্ধার অভিযান শেষ হলে ট্রলার ও মৎস্যজীবীদের নিরাপদে শংকরপুরে ফিরিয়ে আনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে মৎস্যজীবীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।















































