দক্ষিণ দিনাজপুর: বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমতির অভাবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও বুনিয়াদপুর পুরসভা এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন।
রবিবার জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে অভিযান চালিয়ে কয়েকটি নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে বুনিয়াদপুর পুরসভা এলাকার একটি বেসরকারি নার্সিংহোম দীর্ঘদিন ধরে বৈধ নথিপত্র ছাড়াই চলছিল বলে অভিযোগ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর, বুনিয়াদপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় নিয়ম না মেনেই একের পর এক বেসরকারি নার্সিংহোম গড়ে উঠছে।
অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত পরিকাঠামো, ২৪ ঘণ্টার চিকিৎসক পরিষেবা কিংবা প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
এসব নার্সিংহোমের বিরুদ্ধে অতীতে ভুল চিকিৎসা ও নিম্নমানের পরিষেবার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসন নিয়মিতভাবে বেসরকারি নার্সিংহোমগুলির পরিকাঠামো, লাইসেন্স ও অন্যান্য বৈধ নথিপত্র খতিয়ে দেখছে।
সেই অভিযানের অংশ হিসেবে প্রথমে বেশ কয়েকটি নার্সিংহোমকে নোটিস পাঠানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় কয়েকটির বিরুদ্ধে বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।
রবিবার জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে দক্ষিণ দিনাজপুর প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বুনিয়াদপুরের একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে বন্ধের নির্দেশ কার্যকর করেন।
অভিযোগ, ওই নার্সিংহোমের কাগজপত্রে একাধিক গরমিল ছিল।
বিষয়টি ই-মেলের মাধ্যমে মালিকে জানানো হলেও নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
এরপর স্বাস্থ্য দফতর আনুষ্ঠানিক নোটিস জারি করে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমোদন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই নার্সিংহোম বন্ধই থাকবে।















































