ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলপড়ুয়াদের গাড়ি, ডুয়ার্সে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১৫ পড়ুয়াসহ একাধিক!

জলপাইগুড়ি: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার চেংমারিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।

এই দুর্ঘটনায় ১৫ জন স্কুলপড়ুয়াসহ আহত হয়েছেন একাধিক ব্যক্তি। সোমবার সন্ধ্যার কিছু আগে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে স্কুলপড়ুয়াদের নিয়ে আপার চেংমারির নেপার লাইন থেকে গাড্ডি লাইনের দিকে যাওয়া হচ্ছিল।

সেই সময় আচমকাই গাড়িটির ব্রেক ফেল হয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় রাস্তার পাশে বসে থাকা দুই স্থানীয় বাসিন্দার উপর দিয়ে গাড়িটি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পরে দুর্ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে।

মৃতদের নাম হরিরাম উড়াও, বুজরু উড়াও সহ সিদ্ধু সরেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

আহত স্কুলপড়ুয়াদের উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। কীভাবে গাড়িটির ব্রেক ফেল করল ও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here