শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানার অন্তর্গত হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির মুন্ডুহীন দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
চা বাগানের ভেতরে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ দেহটি উদ্ধার করলেও ঘটনাস্থল বা আশপাশের এলাকা থেকে বিচ্ছিন্ন মাথার কোনও সন্ধান মেলেনি।
পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে স্নিফার ডগ এনে চা বাগানের বিস্তীর্ণ এলাকা ও সংলগ্ন ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাটা মাথার কোনও হদিস মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে দেহের প্যান্টের পকেট থেকে একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই পরিচয়পত্রে নাম ইমাম, পিতা সানি খুয়া ও তার ঠিকানা বিহারের কিষানগঞ্জ জেলার পোঠিয়া বলে উল্লেখ রয়েছে।
তবে উদ্ধার হওয়া ভোটার পরিচয়পত্রটি মৃত ব্যক্তিরই কি না, তা এখনও নিশ্চিত নয়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।















































