গঙ্গারামপুর: পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিল বোঝাই একটি চার চাকা গাড়ি সোজা একটি বাড়িতে ঢুকে পড়ল।
মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের PWD পাড়া এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাড়ির সদস্যরা। দুর্ঘটনার পরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বুনিয়াদপুরের দিক থেকে কয়েক কার্টন ফেনসিডিল বোঝাই একটি চার চাকা গাড়ি গঙ্গারামপুরের দিকে আসছিল।
শহরের কালীতলা এলাকায় পৌঁছতেই গঙ্গারামপুর থানার সাদা পোশাকের পুলিশ সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করে।
পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িচালক দ্রুতগতিতে ৬ নম্বর ওয়ার্ডের PWD পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে।
কিন্তু গলির শেষপ্রান্তে রাস্তা না থাকায় গাড়িটি সেটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে।
ধাক্কায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
তবে সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার সুযোগ নিয়ে গাড়িচালক পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ চার চাকা গাড়িটি আটক করেছে ও গাড়ি থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করেছে।
পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।















































