মুর্শিদাবাদ: শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।
মৃতদের মধ্যে রয়েছেন এক বয়স্ক ব্যক্তি ও দুই স্কুলপড়ুয়া।
দুর্ঘটনায় আরও একাধিক শিশু আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে বহরমপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়িতে করে স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল।
একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট পার হওয়ার চেষ্টা করে গাড়িটি।
অভিযোগ, সেই সময় দ্বিতীয় একটি ট্রেন দ্রুতগতিতে এলেও রেলগেট নামানো ছিল না।
একই সময় এক সাইকেল আরোহীও রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন।
দ্বিতীয় ট্রেনটি ছোট গাড়ি ও সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক প্রবীণ ব্যক্তি ও দুই শিশুর মৃত্যু হয়।
গুরুতর জখম হয় আরও একাধিক স্কুলপড়ুয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে বহরমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর গোটা এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।















































