পূর্ব মেদিনীপুর: রথযাত্রার উৎসবের মধ্যেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালী বাজারে ঘটে গেল দুর্ঘটনা।
রথ টানার সময় বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন প্রায় ১৫ জন ভক্ত।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তেখালী বাজারে রথযাত্রা উপলক্ষে এদিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল।
রথ টানার সময় উপরে থাকা বিদ্যুতের তারে রথের চূড়া লেগে যেতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন একাধিক মানুষ।
আহতদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে সাথে চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।















































